
সিকৃবি সংবাদদাতা: সিলেটে বাংলাদেশ সোসাইটি অব প্লান্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএসপিএসটি)-এর পঞ্চম আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশ সোসাইটি অব প্লান্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের যৌথ উদ্যোগে আগামী ২৯–৩১ অক্টোবর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হলো “ টেকসই কৃষির জন্য প্লান্ট সায়েন্স ও প্রযুক্তি: সম্ভাবনা ও চ্যালেঞ্জ”।
সম্মেলনের মূল লক্ষ্য হলো প্লান্ট সায়েন্স ও সংশ্লিষ্ট প্রযুক্তির অগ্রগতি তুলে ধরা, গবেষণালব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং টেকসই কৃষির উন্নয়নে নতুন সম্ভাবনা ও উদ্ভাবনী পদ্ধতি অনুসন্ধানের জন্য বিজ্ঞানী, গবেষক, শিক্ষক, শিক্ষাবিদ ও পেশাজীবীদের একত্রিত করা। খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করার মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্লান্ট সায়েন্সের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্মেলনে বিশেষ গুরুত্ব পাবে।
সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের মোট ১২টি দেশের গবেষক ও পেশাজীবীরা অংশগ্রহণ করবেন। সম্মেলনের ২০টি কারিগরি অধিবেশনে মোট ২৬৫টি বৈজ্ঞানিক গবেষণাপত্র উপস্থাপন করা হবে। এসব অধিবেশনে মৌখিক ও পোস্টার উপস্থাপনা, আমন্ত্রিত বক্তাদের বক্তব্য এবং ভার্চুয়াল উপস্থাপনা অন্তর্ভুক্ত থাকবে। গবেষণালব্ধ ফলাফল বিনিময় ও বৈজ্ঞানিক আলোচনার মধ্য দিয়ে নতুন ধারণা, বাস্তবসম্মত সুপারিশ এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যৌথ গবেষণার সুযোগ সৃষ্টি হবে বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেছেন।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাসুমা হাবিব। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মোজাম্মেল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়ার স্কুল অব বায়োলজিক্যাল সায়েন্সেসের ডিন ড. আমির হামজাহ আহমদ গাজালি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন (বিএসপিএসটি)- এর সভাপতি প্রফেসর ড. মো. আব্দুল বাসেত মিয়া। স্বাগত বক্তব্য প্রদান করবেন (বিএসপিএসটি)-এর সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আলমগীর হোসেন এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. শহিদুল ইসলাম।
২০২০ সালে প্রতিষ্ঠিত (বিএসপিএসটি)- প্লান্ট সায়েন্সবিষয়ক গবেষণার অগ্রগতি, একাডেমিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বৈজ্ঞানিক জ্ঞানের প্রসার এবং জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ। সংগঠনটির পঞ্চম আন্তর্জাতিক সম্মেলন এ লক্ষ্য বাস্তবায়ন এবং টেকসই কৃষির উন্নয়নে প্লান্ট সায়েন্সের অবদানকে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
বৈজ্ঞানিক উৎকর্ষকে উৎসাহিত করার লক্ষ্যে সম্মেলনে উপস্থাপিত গবেষণাপত্রগুলোর মৌখিক ও পোস্টার উপস্থাপনা নির্ধারিত মূল্যায়ন মানদণ্ড (রুব্রিক্স) অনুযায়ী মূল্যায়ন করা হবে। সমাপনী অধিবেশনে বিভিন্ন কারিগরি অধিবেশনের সেরা উপস্থাপকদের বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এ ছাড়া প্লান্ট সায়েন্স ও প্রযুক্তির অগ্রগতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ (বিএসপিএসটি)-এর ছয়জন বিশিষ্ট সদস্যকে দুটি বিভাগে সম্মাননা প্রদান করা হবে। বিভাগ দুটি হলো “ইন রেকগনিশন অভ আউটস্ট্যান্ডিং ডেডিকেটেড সার্ভিস” এবং “সেলিব্রেটিং এক্সেলেন্স ইন সার্ভিস”।
বৈজ্ঞানিক কার্যক্রমের পাশাপাশি সম্মেলনের তৃতীয় দিনে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও দর্শনীয় স্থান পরিদর্শনের জন্য একটি ভ্রমণের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দেশি-বিদেশি অংশগ্রহণকারীরা সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশগত বৈচিত্র্য উপভোগ করার সুযোগ পাবেন।
আয়োজকদের প্রত্যাশা, এই আন্তর্জাতিক সম্মেলন প্লান্ট সায়েন্স ও কৃষিবিষয়ক গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন, আন্তঃপ্রাতিষ্ঠানিক ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশসহ বিশ্বব্যাপী টেকসই কৃষির চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী ও কার্যকর সমাধান বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

