
সিকৃবি সংবাদদাতা: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার-কে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদারকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি চার (৪) বছর অথবা তাঁর অবসর গ্রহণের তারিখ পর্যন্ত (যেটি আগে হবে) ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের একজন জ্যেষ্ঠ শিক্ষক ও গবেষক। শিক্ষা, গবেষণা এবং প্রশাসনিক কর্মকাণ্ডে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।



