
সিকৃবি সংবাদদাতা: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকারপ্রধান, সাবেক প্রধানমন্ত্রী, স্বৈরাচারবিরোধী আন্দোলন ও সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারের আপোসহীননেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় মসজিদে শনিবার (১৫ আগস্ট) এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন । দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়াও মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম শ্রদ্ধা ও স্মরণ বার্তা প্রদান করেছেন। এতে তিনি বলেন, গণতন্ত্রের মা, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আপনি আমাদের মাঝে নেই, কিন্তু বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে আপনার অবিস্মরণীয় অবদান ও সাহস চিরকাল অম্লান হয়ে থাকবে। মেয়েদের অবৈতনিক শিক্ষা, শিক্ষা ক্ষেত্রে উপবৃত্তি এবং প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার মতো গুরুত্বপূর্ণ সামাজিক ও শিক্ষামূলক সংস্কার আপনার শাসনামলে সাধিত হয়েছে। তিনি আরও বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া
অদম্য সাহস ও আপসহীন নেতৃত্বের প্রতীক। বহুদলীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় আপনার অবদান জাতি চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে । তিনি মহান আল্লাহর দরবারে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি বেগম খালেদা জিয়া এবং মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সুযোগ্য সন্তান গণতন্ত্রের বরপুত্র, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি এর নেতৃত্বে দেশ গণতান্ত্রিক ধারায় দুর্বার গতিতে এগিয়ে যাক এই আশাবাদ ব্যক্ত করেন।



