
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষার্থীদের মধ্য থেকে প্রথমবারের মতো বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, খাদ্য মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সম্মানজনক নিরাপদ খাদ্য ফেলোশিপ- ২০২৬ এর জন্য মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের এম. এস শিক্ষার্থী মোঃ নাজমুল হাসান আরফিন।
শনিবার (২৪ মে) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ফেলোশিপ কার্যক্রমের আওতায় ২০২৫ – ২৬ অর্থবছরে প্রদত্ত ফেলোশিপের ইনসেপশন সেমিনার ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেলোশিপের চেক বিতরণ করেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা।
উল্লেখ্য, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে থেকে চলতি বছর মাত্র ২০ জনকে এই মর্যাদা পূর্ণ ফেলোশিপ এর জন্য নির্বাচন করা হয়েছে।
এদিকে ‘নিরাপদ খাদ্য ফিলোশিপ- ২০২৬ ‘এর জন্য মনোনীত হওয়ায় সিকৃবি’র ছাত্র মো. নাজমুল হাসান আরফিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।



