
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ইদুল আযহা’২৬ উপলক্ষ্যে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল (১১ মে) রোববার । বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আগামীকাল আগারগাঁও এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন।
সারাদেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ১১-২১ মে’২০২৬ পর্যন্ত ১০ দিন (শুক্রবার ব্যতীত) দৈনিক ট্রাক প্রতি ৪০০ জন সাধারণ জনগণের নিকট সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্যাদি (ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল) বিক্রয়ের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ট্রাকসেলের মাধ্যমে প্রায় ২৮.৮০ লক্ষ উপকারভোগীর নিকট প্রায় ১৩,৯৩৯ মে. টন পণ্য বিক্রয় করা হবে। যে কোন ভোক্তা ট্রাক থেকে পণ্য ক্রয় করতে পারবেন।
টিসিবির উপপরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক আদেশে এতথ্য জানানো হয়েছে।
আদেশে আরো বলা হয়েছে ,সরকারি নির্দেশনায় টিসিবি’র কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি (ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল) বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে।
পাশাপাশি পবিত্র ইদুল আযহা’২৬ উপলক্ষ্যে প্রতিদিন ঢাকা মহানগরীতে ৫০ (পঞ্চাশ)টি (ঢাকা জেলাসহ), চট্টগ্রাম মহানগরীতে ২০ (বিশ)টি (চট্টগ্রাম জেলাসহ), অন্য ০৬ (ছয়)টি বিভাগীয় শহর এবং সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে ১৫ (পনের) টি করে এবং অবশিষ্ট ৫৬ (ছাপ্পান্ন) টি জেলায় ১০ (দশ) টি করে ট্রাকে পণ্য বিক্রি করা হবে।
ভোক্তা প্রতি সর্বোচ্চ বিক্রয় (পরিমাণ) ভোজ্য তেল ২ লিটার প্রতি লিটার ১৩০ টাকা, চিনি ১ কেজি ৮০ টাকা , মসুর ডাল ২ কেজি প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি করা হবে।
উল্লেখ্য, পবিত্র ইদুল আযহা’ ২৬ উপলক্ষ্যে প্রায় ৭২ লক্ষ টিসিবি’র কার্ডধারী পরিবারের নিকট মে’২৬ মাসে প্রায় ৩৪,৮৪৮ মে. টন পণ্য বিক্রয় করা হবে। কার্ডধারী পরিবারের নিকট প্রতিমাসে ভর্তুকি মূল্যে বিক্রয়কৃত ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের পরিমান ও মূল্য অপরিবর্তিত থাকবে।



