
নিজস্ব প্রতিবেদক : দেশে ভোজ্য তেল সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি নির্দেশনা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বাণিজ্য পরামর্শক আবু সালেহ মোহাম্মাদ ইমরান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ভোজ্য তেল অতিরিক্ত দামে বিক্রির বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা ভোক্তাদের জন্য উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে।
এ প্রেক্ষাপটে সরকার নির্ধারিত মূল্যের বাইরে তেল বিক্রি বন্ধে মাঠ পর্যায়ে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অতিরিক্ত মূল্যে বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করা হয়।
স্মারকে জেলা প্রশাসকদের পাশাপাশি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর-কে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। নিয়মিত নজরদারি ও কঠোর প্রয়োগ নিশ্চিত করা গেলে ভোক্তাদের স্বস্তি ফিরে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।



