
নিজস্ব প্রতিবেদক: কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সাথে সচিবালয়স্থ কৃষি মন্ত্রণালয়ের অফিসকক্ষে আজ (০৬ এপ্রিল) ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ-জাপান সম্পর্ক, কৃষি, নিরাপদ খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
শুরুতে কৃষি মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান। রাষ্ট্রদূত সাইদা শিনিচি মন্ত্রীকে সরকারের মন্ত্রীসভার সদস্য হিসেবে যুক্ত হওয়ায় অভিনন্দন জানান।
মন্ত্রী কৃষিখাতে জাপানের অব্যাহত সহযোগিতার জন্য জাপানকে ধন্যবাদ জানিয়ে বলেন, জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী। জাইকার মাধ্যমে জাপান বাংলাদেশকে বিভিন্ন খাতে সহযোগিতা করছে। জাপানের কৃষি বিশেষ করে ধান উৎপাদনের সাথে বাংলাদেশের অনেক মিল রয়েছে।
মন্ত্রী বাংলাদেশ থেকে জাপানে কৃষি পণ্য আমদানী বাড়ানোর জন্য রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমাদের বড় বড় নদীর অববাহিকায় অসংখ চর রয়েছে। যেখানকার মাটি উর্বর, সেগুলোতে মিস্টি আলু জাতীয় ফসল উৎপাদনের বিশাল সম্ভাবনা রয়েছে।
জাপান আগ্রহী হলে সেখানে বৃহৎ পরিসরে অর্গানিক উপায়ে রপ্তানীমূখী কৃষি পণ্য উৎপাদন করা যাবে।
মন্ত্রী জাপানের স্টিকি রাইস উৎপাদনে বাংলাদেশের আগ্রহের কথা রাষ্ট্রদূতকে জানান।
সাক্ষাৎকালে মন্ত্রী রপ্তানিমূখী ইল (কুচিয়া) ও কাঁকড়া চাষে জাপানের প্রযুক্তিগত সহযোগিতা আশা করেন।
রাষ্ট্রদূত বলেন, জাপান জাইকার মাধ্যমে বাংলাদেশের কৃষি ও মৎস্যখাতে উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। জাপানের বেসরকারি খাত বাংলাদেশের কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও খাদ্য প্রক্রিজাতকরণ খাতে বিনিয়োগ করতে আগ্রহী বলে রাষ্ট্রদূত জানান। মন্ত্রী জাপানের বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান।
এ সময় কৃষি সচিব রফিকুল ই মোহামেদ উপস্থিত ছিলেন।



