
নিজস্ব প্রতিবেদক: পথপ্রাণীর কল্যাণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় যুগান্তকারী উদ্যোগ নিয়েছে ‘ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশন’। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির প্রথম সিএনভিআর (Catch–Neuter–Vaccinate–Return) ইউনিটের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এই অত্যাধুনিক ইউনিটের মাধ্যমে ঢাকা শহর ও এর আশপাশের এলাকার পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ, ভ্যাকসিনেশন ও বাৎসরিক টিকাদান কর্মসূচি সুশৃঙ্খল ও পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, মানবিক উপায়ে কুকুরের জনসংখ্যা নিয়ন্ত্রণে এই উদ্যোগ একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ।
ফাউন্ডেশনের কর্মপরিকল্পনা অনুযায়ী, নতুন এই সিএনভিআর ইউনিট থেকে প্রতি মাসে প্রায় ৬০০টি পথকুকুরের স্পে-নিউটার কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পুরো কার্যক্রম এলাকাভিত্তিক পরিকল্পনার মাধ্যমে ধাপে ধাপে পরিচালিত হবে, যাতে প্রতিটি অঞ্চলে সর্বোচ্চ সুফল নিশ্চিত করা যায়।
ইউনিটটির অবকাঠামো আন্তর্জাতিক মানের স্বাস্থ্য ও নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে তৈরি করা হয়েছে। ক্রস-ইনফেকশন প্রতিরোধে পৃথক প্রবেশপথ, নতুন আগত কুকুরদের জন্য আলাদা আইসোলেশন ইউনিট, উন্নত ভেন্টিলেশন ব্যবস্থা এবং সহজে পরিষ্কারযোগ্য ইপোক্সি রেজিন ফ্লোরিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি স্বয়ংক্রিয় ড্রেনেজ সিস্টেম স্থাপন করা হয়েছে, যা সার্বক্ষণিক পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে সহায়ক হবে।
ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশনের চেয়ারপারসন তাসনিম সিনহা বলেন, “আমাদের লক্ষ্য শুধু পথকুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ নয়; বরং তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং মানুষের সঙ্গে তাদের নিরাপদ, সহনশীল ও মানবিক সহাবস্থান গড়ে তোলা। এই সিএনভিআর ইউনিট সেই লক্ষ্যেরই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
উল্লেখ্য, ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশন একটি সেবামূলক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে অসহায় পথপ্রাণীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে আসছে। পথপ্রাণীদের সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে বিনামূল্যে ভ্যাকসিনেশন, স্পে/নিউটারসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করে যাচ্ছে।



