
পটুয়াখালী সংবাদদাতা : বাংলাদেশের গলদা চিংড়ি চাষ ও হ্যাচারি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং টেকসই অ্যাকুয়াকালচার বিকাশের লক্ষ্যে পটুয়াখালীতে চালু হয়েছে Aquaculture Centre of Excellence (CoE)। আধুনিক ডাচ প্রযুক্তি ব্যবহার করে উন্নতমানের অল-মেল (All-male) গলদা চিংড়ি উৎপাদন ও চাষ সম্প্রসারণে এ কেন্দ্র নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আজ রবিবার (২২ নভেম্বর) পটুয়াখালীতে অবস্থিত ফিসটেক গলদা হ্যাচারিতে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। ফিসটেক (বিডি) লিমিটেডের উদ্যোগে এবং ফিসটেক অল-মেল গোল্ডা হ্যাচারির তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত এ কেন্দ্রের মাধ্যমে প্রযুক্তি, গবেষণা ও প্রশিক্ষণের সমন্বয়ে গলদা চিংড়ি উৎপাদন ব্যবস্থাকে আরও আধুনিক ও খামারিবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি অ্যাম্বাসেডর ইয়ান্না ভ্যান ডার লিন্ডেন (Yanna Van Der Linden)। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো. মোহসিন এবং পটুয়াখালীর জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিসটেক হ্যাচারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তারিক সারকার।
সংশ্লিষ্টরা জানান, গলদা চিংড়ি উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে হ্যাচারি ও খামার পর্যায়ে দক্ষতা উন্নয়ন এ কেন্দ্রের অন্যতম লক্ষ্য। বিশেষ করে অল-মেল গলদা চিংড়ি উৎপাদন প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন ব্যবস্থাকে আরও কার্যকর, উৎপাদনশীল ও লাভজনক করার সুযোগ তৈরি হবে।
তাদের মতে, প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে পারলে গলদা চিংড়ির গুণগত মান ও উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি দেশের অ্যাকুয়াকালচার খাতে টেকসই উৎপাদনের ভিত্তি আরও শক্তিশালী হবে। একই সঙ্গে চাষিদের কাছে আধুনিক প্রযুক্তি, গবেষণালব্ধ জ্ঞান ও ব্যবহারিক প্রশিক্ষণ পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে।
উদ্যোক্তারা আশা করছেন, Aquaculture Centre of Excellence (CoE)-এর কার্যক্রমের মাধ্যমে গলদা চিংড়ি উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও গবেষণাভিত্তিক চাষাবাদ আরও বিস্তৃত হবে। এর ফলে দেশের গলদা চিংড়ি খাতের উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি টেকসই মৎস্য উৎপাদনে নতুন সম্ভাবনা তৈরি হবে।

