
নিজস্ব প্রতিবেদক: টানা অতিভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় আগামী ১১ জুলাই পর্যন্ত এসব অঞ্চলে দফায় দফায় অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় পাহাড়ি ঢল, পাহাড়ধস এবং নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ইতোমধ্যে প্লাবিত এলাকাগুলোতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কাও রয়েছে।
বিশেষ করে পাহাড়ি এলাকায় বসবাসকারী এবং অবস্থানরত মানুষের জন্য এ সময়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এরই মধ্যে কয়েকটি স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে এ ধরনের ঘটনার সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টদের আশঙ্কা।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট জেলার বাসিন্দাদের আগাম প্রস্তুতি নেওয়ার পাশাপাশি স্থানীয় প্রশাসনের জারি করা সব ধরনের নির্দেশনা ও সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে ভারতের ত্রিপুরা রাজ্যেও ভারী বৃষ্টিপাতের প্রভাবে ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালী জেলার নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে। ফলে এসব জেলার নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে উত্তরাঞ্চলের সম্ভাব্য আবহাওয়া পরিস্থিতি নিয়ে পৃথকভাবে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



