
সাভার সংবাদদাতা : প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেছে এগ্রিকালচারিস্টস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)। মঙ্গলবার (৭ জুলাই) সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরেই পরিবেশ সংরক্ষণকে রাষ্ট্রীয় অগ্রাধিকারের বিষয় হিসেবে বিবেচনা করে আসছেন। প্রধানমন্ত্রী হওয়ার আগেই তিনি পরিবেশবান্ধব নীতি ও উদ্যোগের পক্ষে ছিলেন এবং তারই বাস্তব প্রতিফলন ‘পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি।
তিনি বলেন, শুধু কর্মসূচি ঘোষণা নয়, বরং এটি বাস্তবায়নে বিভিন্ন পেশাজীবী, সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তা সরকারের জনসম্পৃক্ত উন্নয়ন ভাবনারই প্রতিফলন।
রুহুল কবির রিজভী আরও বলেন, সরকারের ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি শিশু যখন একটি গাছ রোপণ করবে, তখন সেই গাছের প্রতি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানেরও দায়িত্ববোধ ও মমত্ববোধ তৈরি হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি স্কুলব্যাগ বিতরণের উদ্যোগ কৃষিপণ্যের ব্যবহার বৃদ্ধির পাশাপাশি পরিবেশবান্ধব জীবনধারাকে উৎসাহিত করবে বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেন, প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের দূরদর্শী নেতৃত্বের ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিতে বিভিন্ন যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি দাবি করেন, বর্তমান সরকার মাত্র চার মাসে যেসব উদ্যোগ গ্রহণ করেছে, বিগত সরকার ১৭ বছরেও সেসব বাস্তবায়নের সাহস দেখাতে পারেনি।
তিনি আরও বলেন, অতীতে বনভূমি ধ্বংস, বন বিভাগের জমি দখল এবং পরিবেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই বাস্তবতা বিবেচনায় নিয়েই বর্তমান সরকার বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে এবং এর বাস্তবায়নে বিভিন্ন পেশাজীবী ও প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা হয়েছে।
বিগত সরকারের দুর্নীতির প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, জনগণের আস্থা ও সমর্থন নিয়ে বর্তমান সরকার দায়িত্ব পালন করছে। সরকারের উন্নয়ন কার্যক্রম সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এগ্রিকালচারিস্টস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এমপি (ঢাকা-১৯), শহীদুল ইসলাম বাবুল এমপি (ফরিদপুর-৪) এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আব্দুল লতিফ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ড. শাকিলা ফারুক।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিএলআরআই প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।



