
সিলেট সংবাদদাতা : পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬।
‘প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র্যালি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জুলাই-৩৬ গেট সংলগ্ন সড়কের পাশে নিমগাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিকৃবির উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ বর্তমানে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশের কাতারে রয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, নদীভাঙন, বন্যা, খরা এবং ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ দেশের পরিবেশ, কৃষি ও জনজীবনে মারাত্মক প্রভাব ফেলছে। এর সঙ্গে প্লাস্টিক ও পলিথিন দূষণ, বায়ুদূষণ এবং অপরিকল্পিত নগরায়ণ পরিবেশগত সংকটকে আরও জটিল করে তুলছে।
তিনি বলেন, পরিবেশ রক্ষায় সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। খাল পুনঃখনন, ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি, জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নীতি এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির মতো পদক্ষেপ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপাচার্য আরও বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়; ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠান—সব পর্যায়ে সচেতনতা ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। সরকারের পরিবেশবান্ধব পরিকল্পনা ও কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে তিনি মিতব্যয়ী ও সংযমী জীবনযাপনের আহ্বান জানান।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগই একটি নিরাপদ, বাসযোগ্য ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. সামিউল আহসান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. এম. রাশেদ হাসনাত, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান মজুমদার, ভেটেরিনারি, অ্যানিমেল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ আল মামুন, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) গাজী মোহাম্মদ জহিরুল ইসলাম এবং কৃষি বনায়ন ও পরিবেশবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অসীম সিকদার।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।



