
রাজশাহী সংবাদদাতা : আলোচনা সভা, বৃক্ষরোপণ, মানববন্ধন ও গাছের চারা বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬। এ বছরের প্রতিপাদ্য ছিল— ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’।
দিবসটি উপলক্ষে আজ শুক্রবার (০৫ জুন) সকাল সাড়ে ১০টায় পরিবেশবাদী সংগঠন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের উদ্যোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী। মুখ্য আলোচক হিসেবে প্রতিপাদ্য বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট প্রাণিবিজ্ঞানী ও জীববৈচিত্র্য বিশেষজ্ঞ অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস।
বিশেষ অতিথি ছিলেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের সভাপতি অধ্যাপক ডা. বি. কে. দাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের প্রতিষ্ঠাতা ডিন ও বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন সরদার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার), এবং বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) সভাপতি ড. নাসির উদ্দিন।
সভায় সভাপতিত্ব করেন রুয়েটের ছাত্রকল্যাণ উপপরিচালক জেড. এইচ. এম. মঞ্জুর মোর্শেদ। উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও বন অধিদপ্তরের কোস্টাল সার্কেল, বরিশালের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা বৃক্ষরোপণ ও মানববন্ধনে অংশ নেন। এ সময় ফলদ, বনজ ও ভেষজ প্রজাতির প্রায় ৩০০টি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ), রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালকের দপ্তর, মিশন গ্রীন এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।



