
নিজস্ব প্রতিবেদন : সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সম্প্রতি “প্রাণিসম্পদ অধিদপ্তর”-এর নামে ভারত থেকে গবাদিপশু (গরু) আমদানির একটি অনুমতিপত্র (Import Permit) প্রচারিত হচ্ছে। এ বিষয়ে সতর্কতা জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
আজ শনিবার (২ মে) মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রচারিত ওই অনুমতিপত্রটি প্রাথমিক যাচাই-বাছাইয়ে ভুয়া, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি বলে প্রতীয়মান হয়েছে। এতে প্রাণিসম্পদ অধিদপ্তরের কোনো ধরনের সরকারি অনুমোদন, নথি বা প্রক্রিয়ার সঙ্গে মিল পাওয়া যায়নি।
প্রাণিসম্পদ অধিদপ্তর স্পষ্টভাবে জানিয়েছে, আলোচিত অনুমতিপত্রটি তাদের পক্ষ থেকে ইস্যুকৃত নয়। এতে ব্যবহৃত তথ্য, নম্বর ও স্বাক্ষরও যাচাইযোগ্য নয়। ফলে এটি কোনোভাবেই বৈধ সরকারি আমদানি অনুমোদন হিসেবে গণ্য হবে না।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সাধারণ জনগণ, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকলকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি যাচাই ছাড়া এমন নথি শেয়ার বা প্রচার করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভুয়া তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। সঠিক তথ্য জানার জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ও নির্ভরযোগ্য সরকারি সূত্র অনুসরণের পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।



