
এগ্রিনিউজ২৪ ডেস্ক: খামারিদের আস্থা ও ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে তামীম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ‘কেয়ার ফিড’ ঢাকার অদূরে ধামরাইয়ে তাদের তৃতীয় উৎপাদন ইউনিট চালু করেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, খামারিদের মধ্যে কেয়ার ফিডের প্রতি আস্থা ও চাহিদা দ্রুত বাড়তে থাকায় উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন হয়ে পড়েছে। সেই লক্ষ্যেই ধামরাইয়ে নতুন এই ইউনিট চালু করা হয়েছে। খুব শিগগিরই আরও একটি নতুন ফিড উৎপাদন ইউনিট স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামীম গ্রুপের সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর আরিফুল ইসলাম, সাপ্লাই চেইন ডিরেক্টর সায়েম হাসান, সিওও এম এ মালেক, সিএনও ডা. মো. আফাজুর রহমান রুবেল, সেলস অ্যান্ড মার্কেটিং জিএম কাজী শহিদুজ্জামান, সেলস অ্যান্ড মার্কেটিং জিএম ডা. মো. রওশন, প্রোডাকশন বিভাগের আ. সালামসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তা, ডিলার ও খামারিরা।
বক্তারা বলেন, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বগুড়ায় প্রতিষ্ঠানের পাঁচটি ইউনিটে পোলট্রি, মৎস্য ও গবাদিপশুর জন্য বিভিন্ন ধরনের কেয়ার ফিড উৎপাদন করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে খামারিদের কাছে এই ফিডের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যার ফলে অনেক ক্ষেত্রে সরবরাহে চাপ তৈরি হচ্ছে। এ অবস্থায় চাহিদা পূরণে উৎপাদন সক্ষমতা বাড়াতে নতুন ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তারা আরও জানান, সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যবস্থাপনা বোর্ডের যুগোপযোগী সিদ্ধান্ত ও কৌশলগত উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বেশ কিছু ব্যতিক্রমধর্মী ও মানসম্মত পণ্য বাজারজাত করছে। এর ফলে ‘কেয়ার ফিড’-এর প্রতি খামারিদের আগ্রহ, প্রত্যাশা ও চাহিদা কয়েকগুণ বেড়েছে। সেই চাহিদা পূরণ এবং খামারিদের কাছে আরও দ্রুত ও মানসম্মত সেবা পৌঁছে দিতে ধামরাইয়ে তৃতীয় ইউনিট চালু করা হয়েছে।
বক্তারা বলেন, এই ইউনিট থেকে ঢাকার আশপাশের জেলাগুলোর পাশাপাশি দক্ষিণাঞ্চলের জেলা বরিশালসহ বিভিন্ন এলাকায় দ্রুত ফিড সরবরাহ করা সম্ভব হবে। ভালো মানের ফিডের পাশাপাশি দ্রুত সরবরাহ নিশ্চিত করাই এই ইউনিট চালুর অন্যতম উদ্দেশ্য।
এ সময় তারা আরও জানান, কেয়ার ফিড কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে উৎপাদনের প্রতিটি ধাপে কঠোরভাবে গুণগত মান নিশ্চিত করে থাকে। কারণ যে কোনো ভালো পণ্যের ভিত্তি হলো উন্নতমানের কাঁচামাল। পাশাপাশি উন্নত ফিড উৎপাদনের জন্য দেশের শীর্ষ পুষ্টিবিদদের সহায়তায় ফিড ফর্মুলেশন করা হয়।
বক্তারা খামারি ও পরিবেশকদের আশ্বস্ত করে বলেন, কেয়ার ফিড কখনোই পণ্যের মানের সঙ্গে আপস করেনি এবং ভবিষ্যতেও করবে না। খামারিরা নিশ্চিন্তে কেয়ার ফিড ব্যবহার করতে পারবেন এবং এর মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও লাভবান হওয়ার সুযোগ তৈরি হবে।
প্রতিষ্ঠানটির লক্ষ্য স্বল্প খরচে অধিক উৎপাদন নিশ্চিত করে খামারিদের লাভবান করা এবং নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে সুস্থ জাতি গঠনে অবদান রাখা।



