
মো. খোরশেদ আলম জুয়েল: আমদানিনির্ভরতা কমিয়ে বাংলাদেশেই ফিড মিলের গুরুত্বপূর্ণ রিং ডাই ও স্পেয়ার পার্টস উৎপাদনের পর এবার আন্তর্জাতিক বাজারে পা রাখল ক্রান্স মোল্ড টেকনোলজি কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটির দাবি, দেশে এ ধরনের পণ্য উৎপাদনে প্রথম হওয়ার পর বাংলাদেশে তৈরি রিং ডাইয়ের প্রথম আন্তর্জাতিক রপ্তানি ক্রয়াদেশও পেয়েছে তারা। শ্রীলঙ্কা থেকে পাওয়া এই ক্রয়াদেশকে দেশের ফিড মিল মেশিনারিজ শিল্পের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।
‘Made in Bangladesh. Built for the world.’—এই স্লোগান সামনে রেখে আজ বুধবার (১১ নভেম্বর) নরসিংদীর মারজালে নিজস্ব কারখানা প্রাঙ্গণের পাশের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ‘স্থানীয় উৎপাদন থেকে বিশ্ববাজারে স্বীকৃতি, উদ্ভাবন, স্বনির্ভরতা ও উৎকর্ষের এক যাত্রা’ শীর্ষক এ সংবাদ সম্মেলনে ক্রান্স মোল্ড টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক লুই ঝি হুয়া (এন্ডি লু), পরিচালক ইঞ্জিনিয়ার মীর আমিনুল ইসলাম (দীপু) এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক লুই ঝি হুয়া স্বাগত বক্তব্য দেন। পরে প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন পরিচালক ইঞ্জিনিয়ার মীর আমিনুল ইসলাম। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন তিনি।

ইঞ্জিনিয়ার মীর আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশের পোল্ট্রি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের দ্রুত বিকাশের সঙ্গে ফিড শিল্পও বড় হচ্ছে। কিন্তু ফিড মিলের অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ রিং ডাই এবং বিভিন্ন স্পেয়ার পার্টসের জন্য দীর্ঘদিন ধরে দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আমদানির ওপর নির্ভর করতে হয়েছে। এই নির্ভরতাকেই তারা নতুন সম্ভাবনা হিসেবে দেখেছেন।
তিনি বলেন, সেই লক্ষ্য থেকেই পিলেট ফিড, পোল্ট্রি ফিড, ফিশ ফিডসহ বিভিন্ন ধরনের ফিড মিল মেশিনারিজের জন্য রিং ডাই ও প্রয়োজনীয় স্পেয়ার পার্টস উৎপাদনে বিনিয়োগ করে ক্রান্স মোল্ড টেকনোলজি। গত ১৮ মাসেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে উৎপাদন করছে।
প্রতিষ্ঠানটির দাবি, বাংলাদেশে এ ধরনের রিং ডাই ও সংশ্লিষ্ট স্পেয়ার পার্টস উৎপাদনকারী প্রথম এবং বর্তমানে একমাত্র প্রতিষ্ঠান তারা। ইতোমধ্যে দেশের বিভিন্ন ফিড মিল কোম্পানি ক্রান্স মোল্ডের উৎপাদিত রিং ডাই ব্যবহার করছে। গ্রাহকদের সন্তুষ্টি ও আস্থা তাদের উৎপাদন সক্ষমতার বড় স্বীকৃতি বলে উল্লেখ করেন ইঞ্জিনিয়ার মীর আমিনুল ইসলাম।
তিনি বলেন, “আমাদের লক্ষ্য শুধু একটি পণ্য তৈরি করা নয়; বরং এমন একটি দেশীয় উৎপাদন সক্ষমতা তৈরি করা, যাতে রিং ডাই ও সংশ্লিষ্ট স্পেয়ার পার্টসের জন্য বাংলাদেশের ফিড মিল শিল্পকে বিদেশের ওপর নির্ভর করতে না হয়।”
দেশে উৎপাদনের ফলে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি আমদানির ক্ষেত্রে এলসি, আন্তর্জাতিক পরিবহন ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয় এবং সময় কমানো সম্ভব হবে বলে জানান তিনি। একই সঙ্গে দ্রুত সরবরাহ, বিক্রয়োত্তর সেবা ও কারিগরি সহযোগিতা দেওয়ার সুবিধাও পাবেন স্থানীয় গ্রাহকেরা।
ক্রান্স মোল্ড টেকনোলজি’র পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকের নির্দিষ্ট ডিজাইন ও চাহিদা অনুযায়ী রিং ডাই তৈরির সক্ষমতা রয়েছে তাদের। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের ফিড মিলের জন্য রিং ডাই ও স্পেয়ার পার্টস সরবরাহের পাশাপাশি গ্রাহকদের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।
ইঞ্জিনিয়ার মীর আমিনুল ইসলাম বলেন, “আমাদের উৎপাদন সক্ষমতা এমন পর্যায়ে রয়েছে যে, বাংলাদেশের সমগ্র ফিড মিল শিল্পের বার্ষিক রিং ডাইয়ের চাহিদা পূরণ করার সক্ষমতা আমরা রাখি।”
তবে দেশের বাজারেই নিজেদের সীমাবদ্ধ রাখতে চায় না প্রতিষ্ঠানটি। দেশীয় বাজারে অবস্থান তৈরি করার পর এবার আন্তর্জাতিক বাজারে প্রবেশের প্রথম সাফল্য হিসেবে শ্রীলঙ্কা থেকে রিং ডাইয়ের প্রথম রপ্তানি ক্রয়াদেশ পাওয়ার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে।
এ বিষয়ে ইঞ্জিনিয়ার মীর আমিনুল ইসলাম বলেন, শ্রীলঙ্কার ক্রয়াদেশ তাদের জন্য শুধু একটি ব্যবসায়িক অর্জন নয়; এটি বাংলাদেশের উৎপাদন সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতিরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবিষ্যতে আরও বেশি দেশে রিং ডাই ও সংশ্লিষ্ট স্পেয়ার পার্টস রপ্তানির লক্ষ্য রয়েছে তাদের।
তিনি বলেন, “আমাদের লক্ষ্য শুধু বাংলাদেশের বাজারে নিজেদের সীমাবদ্ধ রাখা নয়। বাংলাদেশের উৎপাদনশিল্পের সক্ষমতাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরে বিশ্ববাজারে নিজেদের অবস্থান তৈরি করতে চাই।”
প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে রপ্তানি সম্প্রসারণ, আন্তর্জাতিক ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তোলা এবং বিশ্বব্যাপী ফিড মিল মেশিনারিজের স্পেয়ার পার্টস শিল্পে ক্রান্স মোল্ড টেকনোলজিকে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করা।
এ জন্য ধারাবাহিক উদ্ভাবন, প্রযুক্তি উন্নয়ন, বিনিয়োগ, দক্ষতা বৃদ্ধি এবং গুণগত মানে আপসহীন থাকার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে ক্রান্স মোল্ড টেকনোলজির পক্ষ থেকে বলা হয়, দেশের শিল্প খাতে আমদানির বিকল্প তৈরি করার পাশাপাশি রপ্তানিমুখী উৎপাদন বাড়ানোই তাদের অন্যতম লক্ষ্য। তাদের প্রত্যাশা, স্থানীয়ভাবে উৎপাদিত রিং ডাইয়ের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে দেশের ফিড মিল শিল্পে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে এবং ভবিষ্যতে এ খাত থেকে রপ্তানি আয়ও বাড়বে।
ইঞ্জিনিয়ার মীর আমিনুল ইসলাম বলেন, “আমরা শুধু আমদানিকৃত পণ্যের বিকল্প হিসেবে দেশীয় পণ্য উৎপাদন করতে চাই না; আমরা প্রমাণ করতে চাই, বাংলাদেশেরও এমন সক্ষমতা রয়েছে, যার মাধ্যমে বিশ্বমানের পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করা সম্ভব।”
দেশের বাজারে উৎপাদন শুরু করে মাত্র দেড় বছরের কিছু বেশি সময়ের মধ্যে আন্তর্জাতিক বাজারে প্রথম রপ্তানি ক্রয়াদেশ পাওয়াকে সামনে রেখে ক্রান্স মোল্ড টেকনোলজি এখন আরও বড় পরিসরে উৎপাদন ও রপ্তানি সম্প্রসারণের প্রস্তুতি নিচ্ছে। প্রতিষ্ঠানটির প্রত্যাশা, ‘Made in Bangladesh’ পরিচয়ে রিং ডাইয়ের এই যাত্রা ভবিষ্যতে আরও বিস্তৃত বিশ্ববাজারে বাংলাদেশের শিল্প সক্ষমতার নতুন পরিচয় তৈরি করবে।

