
মো. এমদাদুল হক (রাজশাহী) :‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে। রাজশাহীতে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা ২০২৬।
গত শনিবার (২৫ জুলাই) বেলা ১১ টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু ফিতা কেটে এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনের আগে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার গেট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা-সংলগ্ন নজরুল ভিলেজ মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালিতে সরকারি কর্মকর্তা-কর্মচারি, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, স্কাউট সদস্য, নার্সারি মালিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
রাজশাহী জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, রাজশাহীর যৌথ উদ্যোগে আয়োজিত এ বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, বৃক্ষরোপণ ও স্বাস্থ্যসেবায় রাজশাহীর রয়েছে অনেক সাফল্য। এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, রাজশাহীকে আরও সবুজ, সজীব ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষকে সমন্বিতভাবে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে পরিকল্পিত নগরায়নের স্বার্থে রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ, পুলিশ সুপার নাইমুল হাসান, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. ফয়েজুল কবির, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ইশা এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে আগামী এক বছরে রাজশাহী সিটি কর্পোরেশন ২ লাখ ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে প্রায় ১ লাখ চারা রোপণের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা ও সবুজায়নের মাধ্যমে রাজশাহীকে আরও নান্দনিক পরিণত করতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম।
এছাড়াও বক্তব্য দেন বন সংরক্ষক মো. সুবেদার ইসলাম এবং রাজশাহী মহানগর নার্সারি মালিক সমিতির প্রচার সম্পাদক আয়নাল হক। উল্লেখ্য, এবারের বিভাগীয় বৃক্ষমেলায় মোট ৫২টি স্টল অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
মেলায় ফুল, ফল, বনজ ও ঔষধি গাছের চারাসহ বিভিন্ন ধরনের নার্সারি সামগ্রী পাওয়া যাবে।



