
সিকৃবি সংবাদদাতা:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে কেন্দ্রীয় লাইব্রেরী ভবনের ই-রিসোর্স সেন্টারে সিকৃবি শিক্ষক, কর্মকর্তাদের দুই দিনব্যাপি ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
১ মে (শুক্রবার) সিকৃবি আইকিউএসির পরিচালক প্রফেসর ড. এম. রাশেদ হাসনাতের সভাপতিত্বে এবং কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. আব্দুর রশিদ সরকার, অতিরিক্ত পরিচালক, আইকিউএসি এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা ।
দুই দিনব্যাপি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, প্রচলিত কাগজনির্ভর নথি ব্যবস্থাপনা সময়সাপেক্ষ, ব্যয়বহুল এবং অনেক ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করে। এর বিপরীতে “ডি নথি” ব্যবস্থা আমাদের প্রশাসনিক প্রক্রিয়ায় আনবে নতুন মাত্রা যেখানে ফাইল প্রেরণ, অনুমোদন, সংরক্ষণ ও অনুসন্ধান সবকিছুই এখন অনলাইনে, নিরাপদ ও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হবে। এর ফলে শুধু সময় ও সম্পদের সাশ্রয়ই নয়, বরং পরিবেশবান্ধব একটি দাপ্তরিক সংস্কৃতিও গড়ে উঠবে।



