
পবিপ্রবি সংবাদদাতা : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছভুক্ত নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত বিচিবিহীন ‘PSTU গাব’-এর একটি করে চারা বিতরণ করা হয়।
‘একজন শিক্ষার্থী, একটি গাছ, একটি সবুজ ভবিষ্যৎ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে নবীন শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এস. এম. হেমায়েত জাহান, উপ-উপাচার্য অধ্যাপক ডা. এ. বি. এম. সাইফুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. এস. এম. হেমায়েত জাহান বলেন, “বিশ্ববিদ্যালয় জীবন শুধু একটি সনদ অর্জনের জন্য নয়; এটি জ্ঞান অন্বেষণ, যুক্তিবাদী চিন্তার বিকাশ এবং সত্য অনুসন্ধানের ক্ষেত্র। মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে গবেষণা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।”
এ সময় তিনি অভিভাবকদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়ে বলেন, “আপনার সন্তানের দায়িত্ব আমরা নিলাম। আর আজ যে গাছের চারা আপনাদের উপহার দিলাম, সেটির পরিচর্যা ও লালন-পালনের দায়িত্ব আপনাদের।”
ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ডা. নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ডা. এ. বি. এম. সাইফুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, আবাসন ও অন্যান্য সুযোগ-সুবিধা তুলে ধরে একটি মাল্টিমিডিয়া উপস্থাপনা করেন অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান।
এ সময় আরও বক্তব্য দেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ডা. এম. জহুরুল হক, ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. সাজেদুল হক, এএনএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ডা. খন্দকার জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের প্রভোস্টরা। নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন সোহেল রানা জনি, তন্ময় ও সুবর্ণা নুরজাহান জিনিয়া।
ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ওরিয়েন্টেশন পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, গবেষণা, সহশিক্ষা কার্যক্রম ও ক্যাম্পাস জীবনের বিভিন্ন দিক সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত বিচিবিহীন ‘PSTU গাব’-এর চারা বিতরণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে নবীনদের সম্পৃক্ত করার একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।



