
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মাৎস্য বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব নিয়েছেন উপকূলীয় ও সামুদ্রিক মাৎস্য বিজ্ঞান বিভাগের সিনিয়র প্রফেসর ড. শহীদুল ইসলাম।
বৃহস্পতিবার (১১ জুন) মাৎস্য বিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে মাৎস্য বিজ্ঞান অনুষদের ৭ম ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। প্রফেসর ড. শহীদুল ইসলাম ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কৃতিত্বের সাথে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে বিএসসি ফিশারিজ (অনার্স), এমএসসি এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটে (বিএফআরআই) ১৯৯০ সালে বৈজ্ঞানিক কর্মকতা হিসেবে পেশাগত জীবন শুরু করেন এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগদানের পূর্বে একই প্রতিষ্ঠানে উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকতা হিসেবে কর্মরত ছিলেন।
ড. শহীদুল বাংলাদেশের একজন সুপরিচিত মৎস্য বিজ্ঞানী। তিনি বহু গবেষণা প্রকল্পের প্রধান প্রবেষক ও সহপ্রধান গবেষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইতোমধ্যে ৯০টির অধিক গবেষণা পত্র জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। মাৎস্য সম্পর্কিত তার ৭টি বুকলেট প্রকাশিত হয়েছে। তিনি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের বাগদা চিংড়ি ও সাদা মাছের চাষাবাদ কৌশল শীর্ষক বইয়ের লেখক। তিনি ২০১৭ সাল হতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হিসেব কমর্রত আছেন।
ড. শহীদুল ইসলাম বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে ওতোপ্রতোভাবে জড়িত। তিনি বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক পদে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন।
ব্যক্তি জীবনে তিনি এক কণ্যা ও এক পুত্র সন্তানের জনক।



