
সিকৃবি সংবাদদাতা: ব্রিটিশ কাউন্সিলের হায়ার এডুকেশন প্রোগ্রাম ম্যানেজার মবিলিটি আগাথা গমেজ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রবিবার (১২এপ্রিল) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। এ সময় তিনি বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) বিষয়ে নারীদের জন্য ব্রিটিশ কাউন্সিলের সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি ‘উইমেন ইন স্টেম’ বিষয়ে অবহিত করেন।
তিনি বলেন , এ কর্মসূচির আওতায় নারী শিক্ষার্থীরা যুক্তরাজ্যের শীর্ষ বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠানে স্টেম–সংশ্লিষ্ট বিষয়ে এক বছর মেয়াদি মাস্টার্স (স্নাতকোত্তর) ডিগ্রি করার সুযোগ পাবেন। ব্রিটিশ কাউন্সিল স্কলারশিপ ফর উইমেন ইন স্টেমের জন্য অনলাইনে আবেদন করা যাবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আবেদন শুরু হয়েছে। ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।ব্রিটিশ কাউন্সিল স্কলারশিপের এ উদ্যোগের লক্ষ্য হলো বিজ্ঞান ও উদ্ভাবনে নারীদের জন্য সুযোগ সম্প্রসারণ করা এবং স্টেম খাতে আরও বৈচিত্র্যময় ও লিঙ্গ-প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ নিশ্চিত করা। ২০২৬–২৭ শিক্ষাবর্ষে প্রতিটি স্কলারশিপের ন্যূনতম আর্থিক মূল্য ৪০ হাজার পাউন্ড। সম্পূর্ণ অর্থায়নের আওতায় টিউশন ফি, থাকাখাওয়ার ভাতা, ভ্রমণ ও ভিসা ব্যয়, স্বাস্থ্যসেবা ফি এবং ইংরেজি ভাষা সহায়তা অন্তর্ভুক্ত থাকবে। নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাজ্যের বিশ্বমানের বিজ্ঞান ও গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ পাবেন। পাশাপাশি স্টেম খাতের বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলা এবং যুক্তরাজ্যের বৈশ্বিক অ্যালামনাই নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগও থাকবে। মতবিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিকৃবি’র ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, ব্রিটিশ কাউন্সিলের এক্সামিনেশন সার্ভিসেস ম্যানেজার মো. হুমায়ূন কবির মেহেদি উপস্থিত ছিলেন ।



