
এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১২টা থেকে আগামী ৩৬ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের আট বিভাগের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে তীব্র বজ্রপাত, কালবৈশাখী ঝড় এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। তবে, প্রাকৃতিক কারণে ঝড়-বৃষ্টির সময় ও স্থান কিছুটা আগে বা পরে পরিবর্তিত হতে পারে – জানিয়েছন তারা।
পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে এই আবহাওয়ার প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে। এসব বিভাগের অধিকাংশ জেলাতেই তীব্র বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, ভোলা, বরিশাল, পটুয়াখালী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়া কক্সবাজার, বান্দরবান, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ফরিদপুর, টাঙ্গাইল, গাজীপুর, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড় ও কুড়িগ্রামসহ বিভিন্ন জেলায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য ভারী বর্ষণও হতে পারে।
রাজশাহী বিভাগেও আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কালবৈশাখী ঝড়সহ হালকা থেকে মাঝারি বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে এবং দেশের অভ্যন্তরীণ নদ-নদীতেও সাময়িক অস্থিরতা দেখা দিতে পারে। এ অবস্থায় নৌযান চালকদের সতর্ক থেকে যাত্রার আগে সর্বশেষ আবহাওয়ার আপডেট জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ভারী বৃষ্টিপাতের ফলে সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু এলাকায় এবং দেশের অন্যান্য স্থানে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। তীব্র বজ্রপাত ও কালবৈশাখীর ঝুঁকি থাকায় সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।



